দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে

0
দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্যদের ভোটে তিনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন।মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোট প্রদানে বিরত থাকেন ছয় সংসদ সদস্য। এর আগে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বঙ্গভবনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচিত নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে। নুরুল ইসলাম মনি আরও জানান, দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি।

ফলে এবার একক প্রার্থীর পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে। শুক্রবার বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here