প্রেসনিউজ২৪ডটকমঃ দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ ও শক্তিশালী করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করা হবে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৮ জুলাই জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে,গ্রামীণ জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া গেছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির (পদ সৃজন) প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং নতুন ১৩টি উপজেলায় হাসপাতাল স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০টি শয্যা রয়েছে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এসব হাসপাতালে রোগী ভর্তি সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
সংশ্লিষ্টদের আশা, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবার পরিধি ও মান উন্নত হবে। পাশাপাশি রোগী ভর্তি সুবিধা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।





