প্রেসনিউজ২৪ডটকমঃ বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৮ জুন সেবা চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে। এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ভারতীয় হাইকমিশন। বার্তায় বলা হয়, ভিসা পরিষেবা আরও সম্প্রসারণের পাশাপাশি আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও আবেদনকারীবান্ধব করতে তারা ধারাবাহিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে চলমান কার্যক্রমে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।
এতে আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করার লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাবে।





