প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় নিজের ক্রয়কৃত জমিতে স্থাপনা নির্মাণ করতে গিয়ে বাধা ও চাঁদা দাবির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তরুণী চন্দ্র রায়। এ ঘটনায় তিনি দিনাজপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবাদী একই এলাকার তারাপদ রায়ের ছেলে শ্রী মিঠুন চন্দ্র রায় ও মৃত বিষ্ণু রায়ের ছেলে প্রদীপ রায়। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, রাঙ্গামাটি মৌজার ১৫ এসএ খতিয়ানের মূল মালিক ঠাকুর দাস চন্দ্র রায়। তিনি ১৯৮৯ সালের ৭ মার্চ ১৩০ নং দলিল মূলে ২.৪ একর সম্পত্তির মধ্যে ০.১০ একর জমি নারায়ণ চন্দ্র রায় ও শ্রী মন্মথ চন্দ্র রায়ের কাছে বিক্রি করেন।
পরবর্তীতে নারায়ণ চন্দ্র রায়ের অংশ থেকে ০.০৪ একর জমি ২০২ সালের ৪ ডিসেম্বর ৫৩৬৩ নং দলিল মূলে তরুণী চন্দ্র রায় ক্রয় করেন। এরপর থেকে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন। বাদীর অভিযোগ, এসএ রেকর্ডীয় মালিক ঠাকুর দাস চন্দ্র রায়ের নাতি মিঠুন চন্দ্র রায় বিভিন্ন সময় জমিতে এসে তাকে হুমকি দেয় এবং চাঁদা দাবি করে।
এর ধারাবাহিকতায় গত ১ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে মিঠুন চন্দ্র রায় জমিতে প্রবেশ করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে হাতে থাকা ধারালো ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় বলেও মামলায় উল্লেখ করা হয়। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী।





