প্রেসনিউজ২৪ডটকমঃ দিনাজপুর প্রতিনিধি: নিজের ক্রয়কৃত জমিতে ধান রোপণ করতে না পেরে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার এক অবসরপ্রাপ্ত শিক্ষক। উপজেলার ১০ নং পুনট্টি ইউনিয়নের গোবিন্দপুর ফকিরপাড়া গ্রামের আজগর আলী শাহ অভিযোগ করেন, প্রতিপক্ষ আনোয়ার হোসেন ও তার স্ত্রী জমিতে ধান চাষে বারবার বাধা দিচ্ছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
তিনি জানান, ১৯৯৪ সালে জমিটি তিনি আনোয়ার হোসেনের মা আলিমনের কাছ থেকে ক্রয় করেন। জমিটি মূলত বাটোয়ারা সূত্রে আলেমা খাতুন পান এবং পরে তিনি তা শাশুড়ি আলিমনের কাছে বিক্রি করেন। দীর্ঘদিন ধরে জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন তিনি। আজগর আলী শাহ বলেন, “হঠাৎ ২০২৪ সাল থেকে আনোয়ার হোসেন ও তার স্ত্রী জমিতে ধান রোপণে বাধা দিতে শুরু করেন।
বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করলে তদন্ত শেষে থানা থেকে আদালতে প্রসিকিউশন পাঠানো হয়। তখন আনোয়ার হোসেন আদালতে মুচলেকা দেন যে তিনি আর বাধা দেবেন না। কিন্তু তিনি সেই মুচলেকা ভঙ্গ করে আবারো বাধা দিচ্ছেন।”এ বিষয়ে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনগত সহযোগিতা কামনা করেছেন।





