প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে লিজ নেওয়া একটি পুকুর থেকে রাতের আঁধারে প্রায় ৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী মৎস্য চাষী।
শনিবার উপজেলা পরিষদ সংলগ্ন রাবেয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন কাজিহাল ইউনিয়নের মৎস্য চাষী শ্রী পূর্ণ চন্দ্র দাস।তিনি জানান, ২৪ বছর ধরে উপজেলার একটি অর্পিত সম্পত্তির পুকুর সরকারি নিয়মে ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। গত ২৩ জুলাই পুকুরটির নতুন ইজারা নিলামে তিনি অংশ নেন। তবে সর্বোচ্চ দরদাতা হিসেবে অন্য একজন প্রাথমিকভাবে নির্বাচিত হন।
পূর্ণ চন্দ্র দাসের অভিযোগ, নতুন ইজারার কার্যক্রম চূড়ান্ত হওয়ার আগেই গত ২৭ জুলাই রাতে নুরুল ইসলাম নামে এক ব্যক্তি ও তার লোকজন জোর করে পুকুরের মাছ তুলে নিয়ে যায়। এতে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা পাননি বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, তিনি কোনো মাছ লুট করেননি।এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে ইউএনও আহমেদ হাছান বলেন, ভুক্তভোগী সরাসরি লিখিত অভিযোগ দেননি। তবে এসিল্যান্ডকে বিষয়টি দেখতে বলা হয়েছে এবং আইনগত ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে।
ওসি আব্দুল লতিফ শাহ জানান, থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।





