তালতলীর শুভসন্ধ্যা সৈকত নিখোঁজের ৩ দিন পর সৈকতে ভেসে এলো পর্যটকের মরদেহ

0
তালতলীর শুভসন্ধ্যা সৈকত নিখোঁজের ৩ দিন পর সৈকতে ভেসে এলো পর্যটকের মরদেহ

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. আসাদুলের (১৬) মরদেহ তিনদিন পর শুক্রবার সকালে সৈকতের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকেই নৌ-পুলিশ ও তালতলী থানা পুলিশ  উদ্ধার করে।

গত মঙ্গলবার (৭ জুলাই) নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় অতিরিক্ত পানির স্রোতে ভেসে গিয়ে সাগরে ডুবে ওই পর্যটক নিখোঁজ হয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সমবয়সী আরও চার বন্ধুকে নিয়ে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে যান আসাদুল। পরে তারা সমুদ্রে গোসল করতে নামলে নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগরের প্রবল ঢেউ ও তীব্র স্রোতে সবাই ভেসে যান।

এসময় স্থানীয়দের সহযোগিতায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার তিনদিন পর শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা নিদ্রার চর সংলগ্ন এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে তালতলী থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

উপস্থিত স্বজনরা মরদেহ ও গায়ে থাকা গেঞ্জি দেখে আসাদুলকে শনাক্ত করেন। এ বিষয়ে তালতলী নিদ্রারচর নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সাগর ভদ্র জানান, গায়ের একটি গেঞ্জি দেখে সজনরা তাদের আসাদুল বলে দাবি করেছেন। তবে চেহারা ও অন্যান্য শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বুঝা যায়নি। নিম্ন চাপের প্রভাবে সাগরে অনেক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। অনেক জেলে নিখোঁজ রয়েছে। আসাদুল কে পুরো সনাক্ত না করার কারণে মরদেহ পোস্ট মর্টেম রিপোর্টের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here