মহেশপুরে দেড় বিঘা জমির ড্রাগন বাগান কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষোভে ক্ষেতেই স্ট্রোক করলেন কৃষক

0
মহেশপুরে দেড় বিঘা জমির ড্রাগন বাগান কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষোভে ক্ষেতেই স্ট্রোক করলেন কৃষক

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ধরন্ত ড্রাগন ফলের বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের বাগান চোখের সামনে ধ্বংস হতে দেখে মাঠেই স্ট্রোক করে লুটিয়ে পড়েন ভুক্তভোগী কৃষক শাহজালাল (ছাকা)।

​ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজমপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহজালাল ধারদেনা ও কঠোর পরিশ্রমে বেলতলা মাঠে লিজ নেওয়া দেড় বিঘা জমিতে একটি ড্রাগন বাগান গড়ে তুলেছিলেন। বাগানে প্রায় তিন হাজার গাছে ফল আসা শুরু হয়েছে। কিন্তু এক রাতের ব্যবধানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সবকটি গাছ কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এতে ওই কৃষকের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পরিবারটি।

বুধবার সকালে কৃষক শাহজালাল প্রতিদিনের মতো তাঁর ড্রাগন বাগানে পরিচর্যা করতে যান। মাঠে গিয়ে দেখেন, তাঁর পুরো বাগানের ফলসহ তিন হাজার গাছ কেটে সাবার করে দিয়েছে। এই নির্মম দৃশ্য দেখার পর তিনি তীব্র মানসিক আঘাত পান এবং মুহূর্তের মধ্যে মাঠেই স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

​আক্রান্ত কৃষকের পিতা রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, একই গ্রামের মজিবরের ছেলে আলামিন ও আলতাব হোসেনের ছেলে আলিমদের সঙ্গে আমাদের পূর্বশত্রুতা চলছিল। গত এক সপ্তাহ আগে স্থানীয় একটি চায়ের দোকানে বসে তারা প্রকাশ্যে আমার ছেলের ড্রাগন বাগান কেটে দেওয়ার হুমকি দিয়েছিল। ওরাই রাতে আঁধারে এসে আমার ছেলের স্বপ্ন শেষ করে দিয়েছে। আমি এই অপরাধীদের কঠোর শাস্তি চাই।

ঘটনার খবর পেয়ে আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান ও প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন ক্ষতিগ্রস্ত ড্রাগন বাগান পরিদর্শন করেছেন। এ সময় বাগানের এমন ধ্বংসযজ্ঞ দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী। আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান বলেন, একটি ফলন্ত বাগান এভাবে কেটে ফেলা অত্যন্ত জঘন্য ও কাপুরুষোচিত কাজ। একজন কৃষকের রুটি-রুজি কেড়ে নেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন কৃষকের ওপর এমন অন্যায় মেনে নেওয়া যায় না। ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here