ময়মনসিংহকে পর্যটন শিল্পে বিকশিত করার আহ্বান

0
ময়মনসিংহকে পর্যটন শিল্পে বিকশিত করার আহ্বান

প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সংস্কৃতি ও বৈচিত্র্যময় ময়মনসিংহ বিভাগকে পর্যটন শিল্পে সমৃদ্ধ করে বিকশিত করতে যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন। পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নের সাথে জড়িত সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা আন্তরিকতা ও জোড়ালোভাবে কাজ করুন, এমনটাই আহ্বান জানান বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

বুধবার(২২ এপ্রিল) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেত এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ময়মনসিংহ বিভাগের পর্যটন, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির বিকাশে করণীয় শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার এ আহ্বান জানান।

সেমিনারে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কার্যালয়ের প্রতিনিধি, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ, চার জেলা প্রশাসক, জিডিএফআই, এনএসআই এর বিভাগীয় প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, বিভাগীয় অন্যান্য দপ্তরের প্রধানগণ-সহ প্রায় অর্ধশতক লোক অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এ অঞ্চলে পর্যটন শিল্প যদি গড়ে ওঠে, তাহলে পরিবহণ, অবকাঠামো, রাস্তাঘাট, বাণিজ্যসহ অনেক কিছুর উন্নয়ন হবে। অঞ্চলের অর্থনীতির চাকা দ্রুততার সহিত ঘুরতে থাকবে। তাতে করে দেশের টাকা দেশেই থাকবে। এটি খুবই চাহিদা সম্পন্ন খাত।

বক্তারা বলেন, শশী লজ, জমিদার বাড়ি, সার্কিট হাউজ, আলেকজান্ডার ক্যাসেল, গারো পাহাড়, চীনা মাটির পাহাড় ও নীল পানির লেক, বড়বিলা জলমহাল, রাবার বাগান, কুমিরের খামার, অর্কিড বাগান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি বিজড়িত ত্রিশাল, শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-সহ অনেক পর্যটন সম্ভাবনাময় স্পট এই ময়মনসিংহ জেলায় রয়েছে। অনুরূপভাবে, নেত্রকোনা জেলায় চীনা মাটির পাহাড়, কলমাকান্দার পাহাড়ি সীমানা, সুসং দুর্গাপুরের জিরো পয়েন্ট, বিরিশিরি-সহ বহু পর্যটন স্থান রয়েছে।

শেরপুরের গজনী অবকাশ, জামালপুরের লাউচাপড়া, লুইস ভিলেজ-সহ পর্যটন সম্ভাবনাময় বেশ জায়গা রয়েছে। সরকারিভাবে ময়মনসিংহ অঞ্চলে প্রায় ১৪২টি পর্যটন স্পট উল্লেখ করা হয়েছে। এর বাহিরেও অনেক স্পট রয়েছে। যদি স্পটগুলোর অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা জোরদার, ওয়াস ব্লক, অবকাশ সেন্টার, স্বাস্থ্য সম্মত পরিবেশ ইত্যাদি বিষয়গুলো গড়ে তোলা যায় ও বজায় রাখা যায়, তাহলে এ অঞ্চল পর্যটনে পূর্ণ হয়ে উঠবে।

ময়মনসিংহ অঞ্চলে পর্যটন বিকাশের জন্য পর্যটন কর্তৃপক্ষ গঠন করার মতামত ব্যক্ত করেন বক্তারা। হাওড়া অঞ্চলকে আরো পরিবেশ ও বিজ্ঞান সম্মত করে গড়ে তোলার আহ্বান জানান তারা। জীবন জীবিকার সাথে জড়িত এ অঞ্চলের মানুষ পর্যটনকে কাছে টানছে। সরকারি পৃষ্ঠপোষকতায় পর্যটন স্পট অঞ্চলের লোকদের আমরা যদি বাস্তবতার আলোকে পর্যটন শিল্পের গুরুত্ব তুলে ধরা যায়, তাহলে এ শিল্পে ময়মনসিংহ অঞ্চল দ্রুতই উন্নতি করবে, সেমিনারে এমনটাই অভিমত জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here