প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে আনোয়ার সিমেন্ট কোম্পানির ম্যানেজারের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মো. আবুল কালাম নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৮ টার দিকে ভুক্তভোগী আনোয়ার সিমেন্ট শীট কোম্পানির এরিয়া ম্যানেজার মো. মামুন হোসেন বাদী হয়ে তালতলী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত মো. আবুল কালাম উপজেলা বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া গ্রামের কাছেম আলী হাওলাদারের ছেলে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আনোয়ার সিমেন্ট শীট কোম্পানীর এরিয়া ম্যানেজার মোঃ মামুন হোসেন শনিবার তালতলী বাজারে মার্কেট ভিজিটে আসেন। এসময় উপজেলা ভূমি অফিসের দক্ষিণ পাশের টিন ব্যবসায়ী মো. কালাম তাকে দেখা মাত্রই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
এতে ম্যানেজার মামুন হোসেন প্রতিবাদ করলে কালাম তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এসময় মামুনের সাথে থাকা ওই কোম্পানীর জুনিয়র এক্সিকিউটিভ মোঃ সাব্বির হোসেন তাকে বাঁচাতে এগিয়ে আসলে অভিযুক্ত কালাম লাঠি দিয়ে তাকেও বেধড়ক মারধর করেন। এতে সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মারধরের একপর্যায় সাব্বিরের কাছে থাকা সিমেন্ট শীট বিক্রির নগদ ৮ লাখ ৮৭ হাজার ৫৫০ টাকা ভর্তি ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এসময় আহতদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এবিষয় ভুক্তভোগী এরিয়া ম্যানেজার মো. মামুন হোসেন বলেন, ‘কালাম আগে আমাদের কোম্পানির মাল বিভিন্ন সময় বাকিতে নিতেন। কিন্তু তার লেনদেন খারাপ থাকায় কোম্পানি তাকে আর বাকি না দেওয়ায় তার সাথে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়।
সেই আক্রোশ থেকেই তিনি আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কোম্পানির টাকা ছিনতাই করেছেন। এবিষয় অভিযুক্ত মো. আবুল কালাম বলেন, ওনাদের সাথে পূর্বের লেনদেন ছিলো। ঘটনার সময় আমার সাথে কথার কাটাকাটি ছাড়া আর কিছুই হয়নি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘এ বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





