মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি

0
মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে রুহুল আমিনের বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি প্রায় ৫৪ বছর ধরে আইন পেশায় যুক্ত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা রুহুল আমিন পেশাগত কারণে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করতেন।

রাজনীতিতেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন রুহুল আমিন। তিনি অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন।

তাঁর দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। আপাতত মরদেহ চাঁদপুর বেগম মসজিদের হিমঘরে রাখা হবে। ছেলে দেশে ফেরার পর জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

রুহুল আমিনের মৃত্যুতে চাঁদপুরের আইন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয় সুধীজন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here