মতলব উত্তরে অসদুপায়ের দায়ে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

0
মতলব উত্তরে অসদুপায়ের দায়ে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় নকলের অভিযোগে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচজন কক্ষ পরিদর্শক শিক্ষককে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল কেন্দ্রটি পরিদর্শনকালে অসদুপায় অবলম্বনের বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেয়। কেন্দ্র সচিব মাসুদ পারভেজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বোর্ডের প্রতিনিধি দলের পরিদর্শনের সময় সাত পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। পরে তাদের পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়।

একই সঙ্গে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে পাঁচজন কক্ষ পরিদর্শক শিক্ষককে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বহিষ্কৃতদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত পরীক্ষার্থী এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত পরীক্ষার্থী রয়েছেন। কেন্দ্র সূত্রে জানা যায়, অভিযুক্ত পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় নিজেদের পরিহিত শার্টের ভেতরে লিখে নকল নিয়ে আসে।

পরিদর্শনের সময় তা ধরা পড়লে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, “কেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল পাওয়ায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”ঘটনার পর কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও বিষয়টি পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here