প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধ পাইপলাইন অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২ জন অবৈধ ড্রেজার মালিককে ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। রবিবার (৫ জুলাই-২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মতলব উত্তর উপজেলাধীন বেড়িবাঁধ সংলগ্ন বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু পরিবহন ও সরকারি রাস্তার ক্ষতি করে রাস্তার উপর দিয়ে পাইপের মাধ্যমে বালু পরিবহন বন্ধের নিমিত্ত এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ। অভিযানকালে ২ জন অবৈধ ড্রেজার মালিককে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ -১৯৭৬ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় সড়কে থাকা পাইপ সমূহ অপসারণ করা হয় এবং অপরাধীদের অতি দ্রুত সার্ভে সনদ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু পরিবহন ও সরকারি রাস্তার ক্ষতি করে রাস্তার উপর দিয়ে পাইপের মাধ্যমে বালু পরিবহন বন্ধের নিমিত্ত এক বিশেষ অভিযান করা হয়েছে। জনদুর্ভোগ ও সরকারের নির্দেশ উপেক্ষিত যেকোন কাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





