২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

খেলাধুলা

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানেই বিশ্বজুড়ে উন্মাদনা, খেলার মাঠে বিশ্বতারকারা

প্রেসনিউজ২৪ডটকমঃ বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী লড়াই মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। তবে এবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না। নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণকে ঘিরে সাজানো হয়েছে নজিরবিহীন সাংস্কৃতিক আয়োজন। ফুটবলের সঙ্গে বিশ্বসংগীত ও বিনোদনের এক অনন্য মেলবন্ধন ঘটাতে মঞ্চে উঠবেন একঝাঁক আন্তর্জাতিক তারকা।

ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) শুরু হবে সমাপনী অনুষ্ঠান। এ আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন মার্কিন র‌্যাপার ও সংগীতশিল্পী পোস্ট মালোন। তার সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন ইতালিয়ান পপ তারকা লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ।

আর ম্যাচ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন। এবারের ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হচ্ছে ‘হাফটাইম শো’। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম সুপার বোলের আদলে প্রথমার্ধের বিরতিতে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্লোবাল সিটিজেনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের সৃজনশীল দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান কণ্ঠশিল্পী ক্রিস মার্টিন।

বিশেষ এই পরিবেশনার জন্য প্রথমার্ধের বিরতির সময় ১৫ মিনিট থেকে বাড়িয়ে ১৭ মিনিট করা হয়েছে। এই মঞ্চে পারফর্ম করবেন পপ সংগীতের কিংবদন্তি ম্যাডোনা, লাতিন তারকা শাকিরা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, কানাডীয় গায়ক জাস্টিন বিবার এবং নাইজেরিয়ার আফ্রোবিট শিল্পী বার্না বয়। এ ছাড়া বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেলের পরিচালনায় থাকছে অর্কেস্ট্রা পরিবেশনা।

শিশু দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে হাজির হবে জনপ্রিয় চরিত্র সেসামি স্ট্রিট ও দ্য মাপেটস। ফাইনালকে ঘিরে টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। টিকিট ট্র্যাকিং প্রতিষ্ঠান টিকিটডাটা ডটকম-এর তথ্য অনুযায়ী, ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ৭ হাজার ৫৯৫ মার্কিন ডলার। অন্যদিকে টিকপিক জানিয়েছে, একটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার, যা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে সর্বোচ্চ।

এই দাম এনএফএলের সুপার বোল এবং এনবিএ ফাইনালের টিকিটকেও ছাড়িয়ে গেছে। বিশ্বকাপের এই মহারণে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন। চলতি আসরে এটিই হবে স্টেডিয়ামে ট্রাম্পের প্রথম উপস্থিতি।

বাংলাদেশের দর্শকরা বিটিভি, টি স্পোর্টস এবং সময় টেলিভিশনের মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারবেন বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশ্বমানের সাংস্কৃতিক আয়োজন, আন্তর্জাতিক তারকাদের পারফরম্যান্স এবং উৎসবমুখর পরিবেশ-সবকিছু মিলিয়ে এবারের বিশ্বকাপ ফাইনাল হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম বর্ণিল ও স্মরণীয় আসর।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত