২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সারাদেশ

মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তরে আবারও বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে কার্যালয়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাফি ও সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, একটি রাজনৈতিক দলের কার্যালয় গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু। সেখানে আগুন দেওয়ার ঘটনা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী ও উদ্বেগজনক। তাদের দাবি, এ ঘটনায় কার্যালয়ের গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও নথিপত্রের ক্ষতি হয়েছে। এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেন।

প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। গভীর রাতে দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ে আগুন লাগানোর চেষ্টা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম বলেন, শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা করা হলে এর পরিণতি ভয়াবহ হবে। ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও পলাতক নয়, এমন কিছু নেতাকর্মী আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে আমরা মনে করি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই মাসে দুটি দলীয় কার্যালয়ে আগুনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত