ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসে সারাদিনব্যাপী পণ্য প্রদর্শন ও উদ্যোক্তা মেলা
প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে সারাদিনব্যাপী পণ্য প্রদর্শন ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মেলা চলবে। সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন এবং প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুজ্জামান সরকার।
মেলায় ফুলবাড়ী উপজেলার নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। তারা নিজেদের হাতে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা, তাদের তৈরি পণ্য সবার সামনে তুলে ধরা এবং নতুন বাজার সৃষ্টির লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।মেলায় হস্তশিল্প, খাবার, পোশাক, কসমেটিকসসহ নানা ধরনের পণ্যের স্টল রয়েছে। মেলাটি সবার জন্য উন্মুক্ত। স্থানীয় নারী উদ্যোক্তারা বলেন, এ ধরনের মেলা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ব্যবসা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখে।
