মহেশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা যুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় মহেশপুর উপজেলার খালিশপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মেহেদী হাসান রনি, মহেশপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন, মহেশপুর পৌর বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
