সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

0
সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ক্যাম্পের উদ্বোধন করেন।

উদ্বোধনের পরপরই রোগীদের চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেস, সাতক্ষীরা সিটি কলেজের সহযোগী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল এবং ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা আনিছুর রহমান। ক্যাম্পে বিনা মূল্যে চোখের দৃষ্টি ত্রুটি, চোখের প্রেসার ও নেত্রনালীর পরীক্ষা করা হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র দেওয়া হয় এবং ছানি রোগীদের বাছাই করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাছাই করা ছানি রোগীদের বিদেশি লেন্সের মাধ্যমে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

এ ছাড়া তাঁদের প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হবে। ক্যাম্পে কম মূল্যে ওষুধ ও চশমা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়।আয়োজকেরা জানান, দরিদ্র ও অসহায় মানুষের কাছে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং ছানি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনাই এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে উপস্থিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here