প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ফুলবাড়ী এই অনুষ্ঠানের আয়োজন করে। ফুলবাড়ী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী মাস্টারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাৎ হোসেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলামসহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোসিন আলী, সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সাথে উপজেলার প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই সারাদেশে নজরুল বর্ষ উদযাপন করা হচ্ছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের এ সংবর্ধনা তাদের আগামী দিনে আরও ভালো ফলাফলে অনুপ্রেরণা যোগাবে।





