প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার শিবনগর ইউনিয়নের বলিহারপুর গ্রামের হরিবাসর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে সনাতন কল্যাণ ট্রাস্ট। গীতাপাঠ, ভজন-কীর্তন, প্রণামমন্ত্র পাঠ, ধর্মীয় সংগীত, নৃত্য, কুইজ ও নাটিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, বৈদিক শিক্ষা প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন। এতে উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে গীতাপাঠ ও ভজন কীর্তনে ৫০ জন এবং প্রণাম মন্ত্রপাঠে ২০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলন করে অতিথিদের বরণের মাধ্যমে উদ্বোধন করা হয়। প্রতিযোগিতা শেষে বিকেল ৫টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সনাতন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রী সোহাগ কুমার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী *শ্রীমান আনন্দ কুমার গুপ্ত*। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন কল্যাণ ট্রাস্টের সভাপতি ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার শ্রীমান চিরকুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি শ্রীমান রতন চক্রবর্তী, পার্বতীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ *শ্রীমান দ্বীপেশ চন্দ্র রায়*।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায়, পৌর শাখার সাধারণ সম্পাদক পাপন সরকার ও শিবনগর ইউনিয়ন শাখার সভাপতি কনক রায় অপু সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়নের ৫০টি গ্রামের প্রায় দুই থেকে তিন হাজার ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সকলের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





