প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে দৈনিক কালবেলা পত্রিকার নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে পৌর বিএনপির দুই নেতার নামে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌর বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর দৈনিক কালবেলার ফটোকার্ড ও লোগো ব্যবহার করে “ফুলবাড়ী পৌর বিএনপির দুই নেতার বিরুদ্ধে ৩ লাখ টাকার বিনিময়ে সার ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ” শিরোনামে একটি ভুয়া খবর ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। সেখানে তার নিজের এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক অষ্টিনের নাম জড়ানো হয়। পাশাপাশি স্থানীয় প্রতিনিধি হিসেবে রীতা রানী কানুর নাম ব্যবহার করা হয়।
এ বিষয়ে কালবেলার স্থানীয় প্রতিনিধি রীতা রানী কানুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো সংবাদ তিনি পাঠাননি এবং ২১ সেপ্টেম্বর কালবেলা পত্রিকায় এমন কোনো সংবাদ প্রকাশিতও হয়নি। বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। এ ঘটনায় তিনি ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২০৮) করেছেন।
সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক অষ্টিন বলেন, “একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের রাজনৈতিক ও সামাজিক সম্মান ক্ষুন্ন করতে এই ভুয়া ফটোকার্ড তৈরি করে প্রচার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে দাবি জানাই, তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক।”
তিনি আরও বলেন, যাচাই না করে কোনো ফটোকার্ড বা সংবাদে লাইক, শেয়ার বা মন্তব্য না করতে সকলের প্রতি অনুরোধ জানান এবং কালবেলা পত্রিকার নাম ব্যবহার করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, মানিক মন্ডল, আতিয়ার রহমান মিন্টু, শাহাবুর রহমান, মিনার হোসেন মিনু, আয়নাল হক, সাজ্জাদ হোসেন সাজু সহ পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





