প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনার তালতলীতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)সেবক মন্ডল, পূবালী ব্যাংক পিএলসির বরগুনা শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল হক, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এবং পূবালী ব্যাংক পিএলসির তালতলী উপ-শাখার ব্যবস্থাপক মো. আল আমিন। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে মোট ১ হাজার ২৩০টি গাছ রোপণ করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কপথের পরিবেশ সবুজায়নের পাশাপাশি এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সুধী সমাজের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।





