প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে মারপিট, শ্লীলতাহানি ও পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্বজিৎ বাদী হয়ে ফুলবাড়ী থানায় ২ জনের নামে লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত ২১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৬.৩০টার দিকে উপজেলার আলাদিপুর গ্রামের বাসিন্দা বিপুল বর্মন এর ছেলে বাদী বিশ্বজিত পোনা কিনতে বাড়ি থেকে বের হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামীরা তার বাড়ির সামনে অবস্থান নেয়। এসময় ১নং আসামী একই গ্রামের শ্রী তারাপদর ছেলে শ্রী অলক( ৪৫) এলোপাতাড়ি বাদীকে মারপিট করতে থাকে। ২নং আসামী শ্রী কনকন (২৮)ও তার সঙ্গে যোগ দেয়।
বাদীর চিৎকারে তার মা ববিতা রানী এগিয়ে এলে আসামীরা তাকেও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এতে বাদী ও তার মা গুরুতর আহত হন। অভিযোগে আরও বলা হয়, এসময় ১নং আসামী বাদীর মায়ের পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ২নং আসামী ধারালো কুড়াল নিয়ে তাদের কোপাতে আসলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের রক্ষা করে।
আসামীরা যাওয়ার সময় বাদীকে প্রাণনাশের হুমকি দেয় এবং বাদীর পুকুর থেকে বেড় জাল দিয়ে মাছ লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় বাদী ও তার মাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি বলেন, “এজাহার পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





