প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর রসুলপুর শাখার উদ্যোগে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পটিতে সেবা প্রদান করেন শিরোমণি, খুলনা বিএনএসবি আই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে ২৫০ জন রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়েছে।
চিকিৎসা ক্যাম্পের আয়োজকরা জানান, চক্ষু পরীক্ষার পর চোখের ছানি ও নালী অপারেশনের প্রয়োজন রয়েছে এমন ৭০ জন রোগীকে বাছাই করা হয়েছে। তাদের চোখের ছানি অপারেশন ও লেন্স বসানোর জন্য খুলনা বিএনএসবি আই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ৫৫ জন রোগীকে চোখের পাওয়ার পরীক্ষা শেষে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন এবং সমন্বয়কারী মো. জাহিদুর রহমান (শোভন)। সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে এমন চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই মহতী উদ্যোগে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।





