প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় অসহায়, দুস্থ ও অসুস্থ উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার,ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন প্রকার আত্মকর্মসংস্থান ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়নের ৬০টি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে সেলাই মেশিন ২০টি, হুইলচেয়ার ১০টি, ফসলে কীটনাশক ছিটানোর স্প্রে মেশিন ২০টি, আলমারি ৫টি ও বাইসাইকেল ৪০টি।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নেতা সোহাগ খান প্রমুখ।





