প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলায় ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ভূমি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা ডিজিটাল ভূমিসেবার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন এবং সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে সেবা পেতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আধুনিক ও স্মার্ট ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, তালতলী ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আফজাল হোসেন, তালতলী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জালাল পিয়াদা, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুছ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাওলাদার মোঃ নাসির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





