প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ১৯ বছর বয়সী বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো: ইয়াসিন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ১০ মে ২০২৬ বিকাল আনুমানিক ৪টার দিকে গৌরীপুর থানার ৫নং সহনাটি ইউনিয়নের ঘাটের কোনা গ্রামে এ ঘটনা ঘটে।
ভিকটিমের বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো: ইয়াসিন ভিকটিমের বসতঘরে প্রবেশ করে। পরে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টায় ভিকটিমের বাবা-মা বাড়ি ফিরলে ভিকটিম ইশারা-ইঙ্গিতে ঘটনার বিষয়টি তাদের জানায়। *গ্রেফতার ও আইনি পদক্ষেপ* স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটি জানতে পেরে আইনগত ব্যবস্থা নিতে ১১ মে সকাল ১০টা ৩০ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে থানায় তথ্য দেন।সংবাদ পেয়েই গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ১১ মে দুপুর ১টার দিকে অভিযুক্ত মো: ইয়াসিনকে গ্রেফতার করা হয়।*আসামির পরিচয়* গ্রেফতারকৃত মো: ইয়াসিন (৩০), পিতা- মৃত ইসলাম উদ্দিন, মাতা- শাহানা বেগম, সাং- ঘাটের কোনা, থানা-গৌরীপুর, জেলা- ময়মনসিংহ। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





