প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে ১ বিঘা জমির পেয়ারা বাগানে বিষ প্রয়োগ করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে আপন ভাইসহ দু’জনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল মান্নান।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার জাগুসা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান প্রায় আড়াই বছর আগে তার ১৮ কাঠা জমি পেয়ারা গাছসহ তিন লাখ টাকায় তার ভাই নুরু (৫৮) এর কাছে বন্দক দেন। গত বুধবার রাতে তিনি পাওনাকৃত তিন লাখ টাকা ফেরত দিয়ে জমি বুঝে নেন। অভিযোগে বলা হয়, ওই টাকা ফেরত দেওয়ায় ক্ষিপ্ত হয়ে একই দিন রাত ১০টা থেকে পরদিন ভোর ৫টার মধ্যে নুরু ও তার স্ত্রী জোসনা বেগম মিলে জমির পেয়ারা গাছে বিষ প্রয়োগ করেন।
এতে বাগানের গাছপালার ব্যাপক ক্ষতি হয়, যার পরিমাণ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী। তিনি আরও জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেন।মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





