প্রেসনিউজ২৪ডটকমঃ মো :মাহফুজুর রহমান,গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১লা মার্চ) বিকেলে ১১ রমজান উপলক্ষে স্থানীয় শহীদ হারুন পার্ক ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরীপুর পৌর জামায়াতের আমির ডা. আব্দুর নূরের সভাপতিত্বে ও পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মুহাদ্দিস মোজাম্মেল হক আকন্দ। প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস মোজাম্মেল হক আকন্দ ইরানের প্রতি আমেরিকা ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, “বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর ওপর যে জুলুম ও আগ্রাসন চলছে, তা বন্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। রমজানের শিক্ষা আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা দেয়।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরীপুর উপজেলা আমির মাওলানা বদরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিশ গৌরীপুর উপজেলা শাখার সহসভাপতি মো. ফজলুর রহমান, জামায়াতের সাবেক উপজেলা আমির অ্যাডভোকেট সৈয়দ গোলাম সারওয়ার ও উপজেলা সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সালেহীন কবির, এনসিপির জেলা শাখার সদস্য তাজুল ইসলাম শুভ, ৮ নম্বর ডৌহাখোলা ইউনিয়ন আমির মাওলানা ফজলুল হক, ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শরিফুল ইসলাম এবং গৌরীপুর যুব বিভাগের সভাপতি মো. মোখলেছুর রহমান প্রমুখ।
বক্তারা রমজানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ফিলিস্তিন ও ইরানসহ বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা একসঙ্গে ইফতারে অংশ নেন।





