ফ্যামিলি কার্ড বিতরণে কমিটি, দায়িত্বে থাকবেন যারা

0
ফ্যামিলি কার্ড বিতরণে কমিটি, দায়িত্বে থাকবেন যারা

প্রেসনিউজ২৪ডটকমঃ প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থমন্ত্রীকে সভাপতি করে কমিটিতে আরও ১৪ জন সদস্য রাখা হয়েছে।

সদস্যদের মধ্যে মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন; উপদেষ্টা রেহান আসিফ আসাদ অন্তর্ভুক্ত রয়েছেন। এ ছাড়া কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব এবং পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সদস্য হিসেবে থাকবেন।

এর আগে বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা প্রথমেই হতদরিদ্র পরিবার পাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ। তিনি বলেন, আজকের বৈঠকে ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের কয়েকটি জেলা ও উপজেলা চিহ্নিত করা হয়েছে।

প্রথম ধাপে হতদরিদ্র পরিবারকে এই সুবিধা দেওয়া হবে এবং পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ফ্যামিলি কার্ডের আওতায় নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার মতে, হতদরিদ্র পরিবারের নারীদের হাতে নগদ অর্থ পৌঁছালে তা পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কতজন এই সুবিধার আওতায় আসবেন তা দু-এক দিনের মধ্যে নির্ধারণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here