প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককটেল বিস্ফোরণে মো. আজিম নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কোনাপাড়ার মিনি কক্সবাজার এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে কোনাপাড়া মিনি কক্সবাজার মাঠে ঘাস কাটছিলেন আজিম নামের এক যুবক। তিনি পাশেই জোসনা ডেইরি ফার্মে কর্মরত।
মাঠে ঘাস কাটার সময় হঠাৎ একটি বলের মতো বস্তু কাঁচিতে লেগে বিস্ফোরণ ঘটনা ঘটে। এ সময় আজিম গুরুতর আহত হন। এ ঘটনায় জোসনা ডেইরি ফার্মের মালিক শফিকুল ইসলাম সাদেক জানান, আজিম বিকেলে ফার্মের পাশের মাঠে ঘাস কাটছিলেন। হঠাৎ ঘাস কাটার সময় কাঁচির আঘাতে একটি বলের মতো বস্তু দেখতে বস্তু বিস্ফোরণ ঘটে।
এতে তার বাম হাতের তালু গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় এবং বাম পায়ের রানেও আঘাত লাগে।তিনি আরও জানান, বিস্ফোরিত বস্তুটি সম্ভবত পুরনো বা পরিত্যক্ত কোনো ককটেল ছিল, যা মাঠে পড়ে ছিল। এই ধরনের অবহেলিত বোমা বা ককটেল সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। আজিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা ঢামেকের বার্ন ইউনিটে চলছে।





