প্রেসনিউজ২৪ডটকমঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলে সম্বোধন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা অ্যাডভোকেট নাজমুস সাকিবকে শোকজ করেছে ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। একই সঙ্গে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এনএলএর নোটিশে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ও শালীনতা পরিপন্থি বক্তব্য দেওয়ার কারণে নাজমুস সাকিবকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব না দিলে স্থায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া, সংগঠনের শৃঙ্খলাসংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য একটি তদন্ত উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট মোস্তফা আজগার শরীফীকে।
নাজমুস সাকিব দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির রাজনৈতিক জোটের বিরোধিতা করে প্রকাশ্যে বক্তব্য দিয়ে আসছেন। সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে দেওয়া এক বক্তব্যের প্রেক্ষাপটে ডাকসু ভিপি সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলে সম্বোধন করেন তিনি।
এই ঘটনায় রাজনৈতিক ও পেশাজীবী অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। নাজমুস সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।





