প্রেসনিউজ২৪ডটকমঃ গণতন্ত্র ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারটি তার পক্ষে গ্রহণ করেছেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান।
রবিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাইমা রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন। আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় বেগম খালেদা জিয়াকে এই পুরস্কার দেয়া হয়।
এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন— এমন নারী ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন। সকলের হাতে রাষ্ট্রপতি পুরস্কার তুলে দেন।





