প্রতীক ব্যবহারের সিদ্ধান্তের পর স্থানীয় নির্বাচন: প্রতিমন্ত্রী

0
প্রতীক ব্যবহারের সিদ্ধান্তের পর স্থানীয় নির্বাচন: প্রতিমন্ত্রী

প্রেসনিউজ২৪ডটকমঃ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার সংক্রান্ত স্থায়ী সিদ্ধান্ত আইন পাসের পর নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিগত সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় প্রতীক তথা দলীয় প্রতীক ব্যবহার করা হয়েছিল, যা অনেক প্রশ্নবিদ্ধ ছিল।

অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করেছে। তাই স্থায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য আইনগত ভিত্তি প্রয়োজন। বিষয়টি সংসদে আলোচনা হবে এবং আইন পাসের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, সিলেট সিটি কর্পোরেশনসহ অন্যান্য স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মন্ত্রণালয় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে না।

আসন্ন স্থানীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হয়, তাহলে কারা অংশ নেবেন তা সরকারের বিবেচ্য বিষয় নয়। সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত আসার পর ওয়ার্ড পর্যায়েও প্রশাসক দেওয়া হবে। প্রতিমন্ত্রী সিসিকে চলমান ও প্রক্রিয়াধীন সব প্রকল্পের বিষয়ে আলোচনা করেন এবং সিলেটের জলাবদ্ধতা নিরসন, খাল খননসহ নতুন প্রকল্প গ্রহণের নির্দেশনা দেন।

এছাড়া সুরমা নদী ও ছড়া বা খালের প্রকল্প নতুনভাবে উপস্থাপন করলে মন্ত্রণালয় থেকে একনেক বা প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করা হবে বলেও জানান।প্রতিমন্ত্রী এক দিনের সফরে সকালে সিলেটে পৌঁছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন এবং রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here