প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জে বিএনপি নেতা ইমাম হোসেন বাদল–এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার সমর্থকরা।তাদের অভিযোগ, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের বিরোধিতাকারী একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে কিছু অনলাইন ফেসবুক পেজে মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
প্রতিবাদকারীরা জানান, ইমাম হোসেন বাদল তরুণ বয়সে বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তাদের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে বাদলের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো অভিযোগ জানা যায়নি।
তিনি দলীয় কার্যক্রমে সব সময় সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত।প্রতিবাদকারীরা আরও বলেন, নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসন পুনর্গঠনের পর স্থানীয় রাজনীতিতে বাদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে সাম্প্রতিক নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে মাঠে সক্রিয় ছিলেন।
তাদের অভিযোগ, বিএনপির ধানের শীষের বিরোধিতাকারী একটি পক্ষ বর্তমানে তাকে ঘিরে অপপ্রচার চালাচ্ছে। তারা এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশেরও আহ্বান জানানো হয়েছে।





