প্রেসনিউজ২৪ডটকমঃ কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পলাতক রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় নুরুল হোসাইনের মুরগির খামার থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল উখিয়া-টেকনাফ সার্কেলের নেতৃত্বে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালায়। অভিযানকালে খামারের একটি ছোট কক্ষের ভেতরে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি ইট সদৃশ ইয়াবার প্যাকেট পাওয়া যায়, যার মোট পরিমাণ প্রায় ৫ লাখ পিস।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এই তথ্যের সূত্র ধরে নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালানো হয় বলে তিনি জানান। তিনি আরও বলেন, অভিযানের পর নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।





