মতলবে হত্যাকাণ্ড: ৭ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা থেকে আসামি গ্রেফতার

0
মতলবে হত্যাকাণ্ড: ৭ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা থেকে আসামি গ্রেফতার

প্রেসনিউজ২৪ডটকমঃ শামীম মিয়াজী:- চাঁদপুরের মতলব দক্ষিণে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদ প্রাপ্তির মাত্র ৭ ঘণ্টার মধ্যেই সাতক্ষীরা থেকে মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ থানাধীন ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় অবস্থিত ইয়াকুব প্রধানের এমএসপি এগ্রো নামীয় গরুর খামারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

খামারের মালিক ইয়াকুব প্রধানের ওই খামারে দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করতেন সাগর হোসেন (২৩) ও মঞ্জিল প্রঃ মঞ্জু শেখ (৭০)। কাজের বিভিন্ন বিষয়, বিশেষ করে গরুর দেখভাল নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ ও ঝগড়া লেগে থাকত। এ নিয়ে তাদের মধ্যে পূর্ব শত্রুতার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ২৯ মার্চ রাতে পূর্বপরিকল্পিতভাবে সাগর হোসেন ধারালো অস্ত্র দিয়ে মঞ্জু শেখের মাথার পেছনে আঘাত করে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই আসামি পালিয়ে ঢাকা হয়ে গুলিস্তান থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে টিকিট ক্রয় করে এবং ভারত পালানোর চেষ্টা করে। সিনিয়র সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এবং মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে এসআই জীবনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।

প্রথমে যশোর এলাকায় চেকপোস্টে তাকে আটকের চেষ্টা ব্যর্থ হলেও পরবর্তীতে সাতক্ষীরা জেলা পুলিশের সহযোগিতায় সীমান্ত অতিক্রমের আগেই আসামিকে গ্রেফতার করা হয়। দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেফতার হওয়ায় পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here