প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই মানবিক সহায়তা প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলী আরশাদ মাস্টারের উদ্যোগে এবং তার সুযোগ্য সন্তান প্রবাসী এনামুল হকের নিজস্ব অর্থায়নে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্য ইসলামাবাদ এলাকায় আলী আরশাদ মাস্টারের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫০০ পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল দুই রকমের সেমাই, চিনি, ডাল, দুধসহ মোট ৭ রকমের খাদ্যসামগ্রী। উপহার বিতরণকালে আলহাজ্ব আলী আরশাদ মাস্টারের মেঝো ছেলে নাজমুল হক বলেন, “মানুষের সেবা করাই পরম ধর্ম। প্রতিবছরের মতো এবারও এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
এই উপহার কোনো দান নয়, বরং প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব। প্রবাসী এনামুল হক মুঠোফোনে বলেন, “দেশের বাইরে থাকলেও মনটা সবসময় জন্মভূমির মানুষের জন্য থাকে। এলাকার মানুষের মুখে ঈদের হাসি দেখতে পারাটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
ঈদ সামগ্রী পাওয়ায় অসহায় ও দুস্থরা খুশিতে আত্মহারা। স্থানীয়রা জানিয়েছেন, আলী আরশাদ মাস্টারের পরিবার সবসময়ই এলাকার উন্নয়ন ও বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই উপহার তাদের ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়েছে। উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





