প্রেসনিউজ২৪ডটকমঃ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় থানা পুলিশের পরিচালিত এক বিশেষ মাদক বিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১:৫০ ঘটিকার সময় গলাচিপা থানার এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানটি গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর টিএন্ডটি রোডস্থ ‘দফাদার বাড়ি তানিয়া স্টোর’-এর সামনের পাকা রাস্তার ওপর পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন— রতনপুর ৬ নম্বর ওয়ার্ডের মৃত হাচন হাওলাদারের ছেলে মোঃ দুলাল হাওলাদার (৫৪) এবং একই এলাকার মৃত মানিক দফাদারের ছেলে মোঃ আবুল হোসেন (৫০)।
এ বিষয়ে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারানির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪৪, তারিখ: ১৭-০৯-২০২৬)। গলাচিপা থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।





