বন্দরে ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহা চুরি, জানে না কর্তৃপক্ষ

0
বন্দরে ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহা চুরি, জানে না কর্তৃপক্ষ

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার সংযোগকারী কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহার রড ও বিভিন্ন অংশ চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত কয়েকদিন ধরে প্রকাশ্যে এভাবে লোহা চুরি হলেও বিষয়টি জানেন না সেতুটির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজের ওয়াকওয়ের একাধিক স্লাব ভেঙে সেখান থেকে লোহার অংশ খুলে নিয়ে যাচ্ছে চোর চক্র। এতে একদিকে সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ব্রিজের ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ব্রিজের বিভিন্ন অংশ থেকে লোহা খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। দিনের বেলায়ও ওয়াকওয়ের স্লাব ভাঙা অবস্থায় দেখা যাচ্ছে।

দ্রুত ব্যবস্থা না নিলে ব্রিজের আরও অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। আপনার কাছেই প্রথম শুনলাম। তবে যারা এ কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। বিষয়টি পুলিশকে জানাচ্ছি।

সংশ্লিষ্টদের মতে, ব্রিজের সরকারি অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ এভাবে চুরি হয়ে যাওয়ার ঘটনায় নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে চুরি বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ওয়াকওয়ে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘সওজের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ এখনো আমরা পাইনি। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি। কারা এই কাজ করছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here