প্রেসনিউজ২৪ডটকমঃ সোনারগাঁ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচপুর ইউনিয়নের পুরান বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণকে ডেঙ্গুর ভয়াবহতা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সচেতন করা হয়।
বিশেষ করে বাড়িঘর, দোকানপাট ও আশপাশের এলাকায় পানি জমে থাকতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির সাউদ, হালিম আজাদ।
কাচপুর যুব সমাজ সংগঠনের পরিচালক মোঃ মাহফুজ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা কোনো একক সংগঠনের দায়িত্ব নয়; এটি একটি সামাজিক দায়িত্ব। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, টব, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমাতে হলে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা বা অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচির অংশ হিসেবে কাচপুর পুরান বাজার ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় বিষয়ক লিফলেট তুলে দেওয়া হয়।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।





