প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদের বিরুদ্ধে জমি দখলের মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি ও তার পরিবার।
মঙ্গলবার ফুলবাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমরান চৌধুরী নিশাদ। তিনি বলেন, “দেশ টেলিভিশন” গত ১০ আগস্ট ২০২৬ তারিখে “ফুলবাড়ীতে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রচার করেছে তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি অভিযোগ করেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর গঠিত এনসিপি থেকে তাকে ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ঘোষণা করার পর থেকেই একটি কুচক্রী মহল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে ষড়যন্ত্র করছে। গত ৬ আগস্ট ২০২৩ সালে রাঙ্গামাটি ছোয়ানী বাজারের জেবউন নেহার ফুলবাড়ী থানায় যে অভিযোগ দিয়েছেন তাও পরিকল্পিত।
সংবাদ সম্মেলনে জমির মালিক আব্দুল মাজেদ চৌধুরী বলেন, “আমরা মূল মালিকের ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে জমি ক্রয় করেছি। সামাজিকভাবে সমাধানের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করে হয়রানির উদ্দেশ্যে থানায় অভিযোগ ও মিডিয়ায় মিথ্যা নিউজ করিয়েছে।
ইমরান চৌধুরী নিশাদ সরকারের কাছে তার নিরাপত্তা এবং তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিক হারুন-উর-রশিদের শাস্তি দাবি করেন। একই সাথে সাংবাদিকদের সরেজমিনে তদন্ত করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানান।





