প্রেসনিউজ২৪ডটকমঃ মাহফুজুর রহমান, গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি : বাসার পাশে একা একা বল নিয়ে খেলছিল তিন বছরের শিশু জুনাইদ। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পাশের পানিভর্তি খালে পড়ে যায় সে।কিছুক্ষণ পর খালের পানিতে তার বলটি ভাসতে দেখে সন্দেহ হয় স্বজনদের। প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় শিশুটিকে। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পূর্ব দাপুনিয়া এলাকার একটি খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত জুনাইদের গ্রামের বাড়ি হিরনপুরে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। পরিবারটি বর্তমানে পূর্ব দাপুনিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিল।পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় জুনাইদ ভাড়া বাসার পাশে একা বল নিয়ে খেলছিল। বাসাসংলগ্ন খালটির পাশে কোনো সীমানাবেড়া ছিল না।সাম্প্রতিক বৃষ্টিতে খালটিও পানিতে কানায় কানায় পূর্ণ ছিল।
ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে কোনো একসময় অসাবধানতাবশত খালের পানিতে পড়ে ডুবে যায় শিশুটি।কিছুক্ষণ পর জুনাইদকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে খালের পানিতে তার বলটি ভাসতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে খালে নেমে প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় জুনাইদকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মুহতাসিম ফুয়াদ পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির চাচা সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বল নিয়ে খেলার সময় জুনাইদ খালের পানিতে পড়ে গিয়েছিল।
অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।তিন বছরের শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি জানাজানি হওয়ার পর পূর্ব দাপুনিয়া এলাকার বাসিন্দাদের মধ্যেও গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।





