প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কাজীহাল ফাজিল মাদ্রাসার নামে দানকৃত জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। উপজেলার কাজীহাল ইউনিয়নের দাদুল গ্রামে অবস্থিত ওই মাদ্রাসার দাবি, ১৯৬৭ সালে এলাকার আলহাজ ইবারত আলী শাহ প্রতিষ্ঠানের নামে ১ একর ৭ শতক জমি দান করেন।
এরপর থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছে। মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, ২০২৪ সাল থেকে জমিদাতার ছেলে ইলিয়াস আলী শাহ জমিটির মালিকানা দাবি করে আসছেন। সম্প্রতি তিনি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রধারী লোকজন নিয়ে জমির ধান কেটে নেন। এ সময় বাধা দিতে গেলে মাদ্রাসার শিক্ষকদের ওপর হামলার ঘটনাও ঘটে।
মাদ্রাসার অফিস সহকারী মো. বেলাল হোসেন বলেন, “জমিটি দান করার পর থেকে আমরা ভোগদখল করছি। ইলিয়াস আলী শাহ দাবি করেন তার বাবা জমি দান করেননি। এ নিয়ে তিনি একাধিক মামলা করলেও সবগুলোতে আদালতের রায় মাদ্রাসার পক্ষে গেছে। তারপরও তিনি সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা করছেন।তিনি আরও বলেন, মাদ্রাসা যাতে নির্বিঘ্নে জমিটি ভোগদখল করে প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যবহার করতে পারে, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা জমিটি মাদ্রাসার দখলে দেখে আসছেন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থার দাবি জানান তারা। এ বিষয়ে অভিযুক্ত ইলিয়াস আলী শাহের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।





