বাঁশখালীতে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে যুবদলের মেডিকেল টিম

0
বাঁশখালীতে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে যুবদলের মেডিকেল টিম

প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেডিকেল টিম। রোববার (১২ জুলাই) উপজেলার প্লাবিত এলাকায় দিনব্যাপী একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প ও জরুরি ত্রাণ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ প্রতিরোধ এবং দুর্গতদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রেসক্রিপশন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এর পাশাপাশি বন্যার্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবীণ ও দায়িত্বশীল চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে অন্যতম হলেন- যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. লোহানী তাজুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান ও সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন ও ডা. আল মামুন হাসান খান এমিল ও ডা. সানিয়া নাসরিন। কর্মসূচি চলাকালে কেন্দ্রীয় নেতারা বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যুবদলের একটি অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব।

বন্যার এই কঠিন সময়ে বাঁশখালীর মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং তাদের মুখে কিছুটা হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। চিকিৎসাসেবা ও ত্রাণ পেয়ে স্থানীয় দুর্গত সাধারণ মানুষ যুবদলের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন। কর্মসূচিতে স্থানীয় যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী সার্বিক সহযোগিতা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here