প্রেসনিউজ২৪ডটকমঃ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফানুস উড়ানো, আতশবাজি ফোটানো, গ্যাস বেলুন ও ভুভুজেলা বাঁশি বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মুখোশ মুখে পরায় নিষেধাজ্ঞা থাকলেও, হাতে বহন করার অনুমতি রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্রসরোবরসহ দেশের সব উৎসবস্থল সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। বিকেল ৫টার পর এসব এলাকায় নতুন করে প্রবেশাধিকার থাকবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘বৈশাখী শোভাযাত্রা’র নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে। অংশগ্রহণকারীরা মুখোশ পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না, তবে প্রদর্শনের জন্য মুখোশ হাতে বহন করা যাবে। মিছিল শুরুর পর কেউ মাঝপথে যোগ দিতে পারবে না। রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।
ইভ-টিজিং, ছিনতাই ও পকেটমার রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। পহেলা বৈশাখের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশন নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকারবিহীন কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।সাধারণ মানুষকে ব্যাগ, ব্যাকপ্যাক, দিয়াশলাই বা লাইটার বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া শিশুদের সঙ্গে তাদের পরিচয়সংবলিত নোট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।





