জাটকা রক্ষায় অভিযানে মতলব উত্তরে অভিযানে আটক ১৪ জেলের কারাদন্ড

0
জাটকা রক্ষায় অভিযানে মতলব উত্তরে অভিযানে আটক ১৪ জেলের কারাদন্ড

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রম রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৪ জন জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৪টি মাছধরা নৌকা জব্দ করা হয়।

বুধবার (১১ মার্চ) বিকেলে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বেহুন্দী জাল, একটি চাপ জাল ও প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে ৪টি মাছধরা নৌকা ও ৪টি অ্যাংকর জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

অভিযানে আটককৃত ১৪ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

দন্ডপ্রাপ্তরা হলেন-নুর মোহাম্মদ (২৭), মোঃ ইকবাল হোসেন (২০), আলাউদ্দিন (৩৬), মোঃ কামাল হোসেন (৪০), মোঃ ফিরোজ (৪৪), মোঃ খলিল হোসেন (৩০), সুমন (৩৫), মোঃ নবীর হোসেন (৩৫), মোঃ সাগর (২০), মোঃ জামাল (২৮), ইমাম হোসেন (১৯), মোঃ আবুল হোসেন (৪৩), হানিফা (৩৫) ও আল আমিন। তাদের মধ্যে কয়েকজন মতলব উত্তর উপজেলার চর উমেদ ও এখলাছপুর এলাকার বাসিন্দা এবং বাকিরা লক্ষ্মীপুরের কমলনগর ও চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ আহসান হাবিব।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযান, নৌ টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল করতে সরকার নির্ধারিত সময়ে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। অভয়াশ্রম এলাকায় কেউ অবৈধভাবে জাল ফেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, জাটকা রক্ষা করা ভবিষ্যৎ ইলিশ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা শিকার করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here