গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা

0
গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা

প্রেসনিউজ২৪ডটকমঃ মো : মাহফুজুর রহমান গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: দীর্ঘদিন রিলেশনের পর গত বছর সেপ্টেম্বরে লুকিয়ে নিজেরা বিয়ে করেন লামিয়া আক্তার মিম (২১)। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে মেনে নেয়নি প্রেমিক রাকিবের পরিবার।মান-অভিমানে, ২/২/২০২৬ ইং, সোমবার সকাল আনুমানিক ৭টায় লামিয়া ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন।

তিনি ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। অভিযুক্ত রাকিব (৩০) গৌরীপুর পৌরসভার ভালুকা মহল্লার আবুল কাসেমের ছেলে।আত্মহত্যার পর ঘটনা ধামাচাপা দিতে জোর তদবির চালাচ্ছেন আবুল কাসেম। নিহত লামিয়ার বড়বোন সামান্তা নাজনীন জানান, গত বছর ১৬ সেপ্টেম্বর রাকিব ও লামিয়া গোপনে সুলতান কাজীর কাছে নিজেরা বিয়ে করেন।

সম্প্রতি লামিয়ার বিয়ের জন্য আমরা পাত্র দেখতে চাইলে, সে গোপন বিয়ের কথা আমাদের জানায়। বিষয়টি নিয়ে ছেলের পরিবারের সাথে যোগাযোগ করলে রাকিবের বাবা আবুল কাসেম লামিয়াকে মেনে নিতে অস্বীকার করেন। গতকাল (রবিবার) দুপুরে আমার পরিবারের লোকজন রাকিবের বাসায় যায়, কিন্তু রাকিবের বাবা কোন অবস্থাতেই লামিয়াকে মেনে নিবে না বলে জানিয়ে দেয়। রাকিবের বোন মোবাইলে লামিয়ার সাথে অনেক খারাপ আচরণ করেন। আমরা রাকিবের ভগ্নিপতি বিজিবি সদস্য সুমনের সাথেও যোগাযোগ করেছি, কোন লাভ হয়নি।

গতরাত থেকে রাকিব লামিয়ার ফোন রিসিভ করে না, যে কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আজ সকালে ঘুম থেকে উঠে আমার মা দেখেন লামিয়া তাঁর বিছানায় নেই। আমরা বাড়ির আশপাশে খোঁজাখুজি করতে থাকি, কিছুক্ষণ পর একজন এসে খবর দেয় একমেয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করেছে। আমরা দৌড়ে গিয়ে দেখি লাশটি ছিন্নভিন্ন হয়ে গেছে, কাপড়-চোপড় দেখে আমরা লাশ সনাক্ত করেছি। জানতে চাইলে রাকিবের বাবা আবুল কাসেম বিয়ে মেনে না নেয়ার ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

তবে, আত্মহত্যার ঘটনায় লামিয়ার পরিবারের সাথে আপোষ মিমাংসার চেষ্টা করছেন বলে জানান তিনি। গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) আবুল কালাম আজাদ জানান, লোকমুখে খবর পেয়ে আমরা সকাল সাড়ে ৯টায় রেলস্টেশনের আউটার সিগন্যালের বাইরে গজন্দর গ্রাম থেকে লামিয়া আক্তার মিমের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছি।

ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।গৌরীপুর রেলজংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনটি গৌরীপুর জংশন থেকে সকাল ৬:৪২ মিনিটে শ্যামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। আউটার সিগন্যালের বাইরে তরুণী ট্রেনের ঝাঁপিয়ে পড়ে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here