প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টার:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, এবারের নির্বাচনে আনসার সদস্যরা কঠোর, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশনা পেয়েছে।
সূত্র মতে, নারায়ণগঞ্জ সদর উপজেলায় বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ আনসার সদস্যদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। দলনেতা, দলনেত্রী, ইউনিয়ন কমান্ডার, ওয়ার্ড কমান্ডার এবং কোম্পানি কমান্ডাররা দিন-রাত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে সদস্যদের দায়িত্ব বণ্টন, তদারকি ও সমন্বয় কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।দায়িত্বশীল মহল জানায়, থানা পর্যায়ের প্রশিক্ষক ও প্রশিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীও নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
সদস্যদের পেশাগত সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি আচরণবিধি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, অতীতে নির্বাচন ঘিরে কিছু অভিযোগ ও বিতর্ক থাকলেও এবার সেসব অনিয়মের কোনো সুযোগ রাখা হচ্ছে না। দায়িত্বশীল মহল মনে করছে, কিছু মহল থেকে কখনো সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়, আবার কেউ কেউ ব্যক্তিগত প্রভাব খাটিয়ে লোক সরবরাহের মাধ্যমে দায়িত্ব পাওয়ার চেষ্টা করে থাকে।
তবে এবারের নির্বাচনে এ ধরনের অনৈতিক তৎপরতার কোনো সুযোগ থাকবে না। সূত্র অনুযায়ী, মহাপরিচালকের সুস্পষ্ট নির্দেশনা অনুসারে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে কঠোর নিয়ম বাস্তবায়ন করা হচ্ছে। কোনো ব্যক্তি বা সদস্য যদি নির্বাচনী দায়িত্বে যুক্ত হতে চায়, তাহলে তাকে অবশ্যই বাহিনীর নির্ধারিত অঠগওঝ সফটওয়্যারে অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সদস্যকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। নিবন্ধন ও প্রশিক্ষণ ছাড়া কাউকে কোনোভাবেই নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়নি।
সংশ্লিষ্টরা জানান, এবারের নির্বাচনে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যরা মূল দায়িত্বে থাকবে। এম্বোডিয়াম আনসার সদস্যরা সেকশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবে এবং দলনেতা ও প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা সরাসরি ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে। এর মাধ্যমে দায়িত্ব পালনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভোটারদের নিরাপত্তা ও সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আনসার সদস্যরা এমনভাবে দায়িত্ব পালন করবে যাতে ভোটাররা কোনো ধরনের ভয়ভীতি, চাপ বা প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দায়িত্বশীলদের মতে, প্রযুক্তিনির্ভর সদস্য ব্যবস্থাপনা, প্রশিক্ষণভিত্তিক দায়িত্ব বণ্টন এবং কঠোর শৃঙ্খলা বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আনসার বাহিনীর এই প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





