প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরের হাট খালিশপুর গ্রামে ধানের র্শীষের পক্ষে ভোট চাইতে গিয়ে নারী নেত্রীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মহেশপুরের হাট খালিশপুর গ্রামের জামায়াত নেতা আব্দুল গফুরের বাড়ীতে।
মহেশপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক রুপা খাতুন অভিযোগ করেন, ঝিনাইদহ-৩ আসনের ধানের র্শীষের প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে ভোট চাইতে তারা হাট খালিশপুর গ্রামে আব্দুল গফুরের স্ত্রী রোকেয়া খাতুনের বাড়ীতে যান। এ সময় রোকেয়া খাতুন তাদের সঙ্গে অপমান জনক ভাষায় কথা বলেন।
এক পর্যায়ে কথা কাটাকাটি হলে রোকেয়া খাতুন রুপা খাতুনের মুখে চড় মারেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় রুপা খাতুনের সাথে ছিলেন এস বি কে ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তানিয়া খন্দকার, সাহিদা খাতুন, যমুনা খাতুন প্রমুখ।খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মহেশপুর থানার এস আই টিপু সুলতান জানান, ঘটনার বিষয়ে উভয় পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা দেওয়া হবে।





